
ভারতের রাজস্থানের দৌসায় ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনই শিশু এবং তিনজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মনোহরপুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভক্তদের বহনকারী একটি পিকআপ ভ্যান সালাসর বালাজি থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। নিহতরা খাতু শ্যামে প্রার্থনা শেষে ফিরছিলেন।
দৌসার পুলিশ সুপার সাগর রানা জানান, উত্তর প্রদেশের বাসিন্দা ভক্তরা দুটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। এর মধ্যে একটি ভ্যান এগিয়ে যাওয়ার সময় অন্যটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে কয়েক ডজন যাত্রী ছিলেন।
আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। গুরুতর নয়জন আহতকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্সে (টুইটার) পোস্ট দিয়ে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।