
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় দুই সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মিয়া (৫৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১ জুলাই) সকালে কাপ্তাই-রাজস্থলী সড়কের মধ্যবর্তী ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ মিয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর পরস পাড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর দিকে আসার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ সওদাগর গুরুতর আহত হন। পরে তাকে কাপ্তাই উপজেলার খ্রীষ্টিয়ান হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক জানান, আহত অবস্থায় হানিফ মিয়াকে হাসপাতালে আনার আগেই তিনি পথেই মারা যান। নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।