
যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল স্বাভাবিকভাবে চলছে।
বুধবার রাতে ফার্মগেট এলাকার উড়ালপথে কিছুটা কম্পন অনুভূত হলে নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই স্থানেই গত ২৬ অক্টোবর বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল।
পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রুটি শনাক্ত ও সমাধান হলে ট্রেন আবার উত্তরার উদ্দেশে ছেড়ে যায়।
মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্পের উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে বলেন, “যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধান করা হয়েছে। এখন মেট্রোরেলের সব রুটেই চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।”
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী আবুল কালাম নিহত হন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়।
পরে বিকেলে ধাপে ধাপে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়-প্রথমে উত্তরা থেকে আগারগাঁও, পরে সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত। পরদিন (২৭ অক্টোবর) সকালে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট এলাকায় সতর্কতার অংশ হিসেবে তিন দিন ধরে ট্রেনের গতি কিছুটা কমিয়ে চালানো হয়।