ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

মেট্রোরেলের এমআরটি ও র‌্যাপিড কার্ড রিচার্জ এখন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ । ১১০ জন

ঢাকার মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এবার ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস ও র‌্যাপিড পাস কার্ডে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবা উদ্বোধন করা হবে। ‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দীন।

ডিএমটিসিএল সূত্র জানায়, ঢাকার মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নিজস্ব স্থায়ী কার্ড এমআরটি পাস। অন্যদিকে ডিটিসিএর সরবরাহ করা স্থায়ী কার্ড র‌্যাপিড পাস-যা মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি। স্থায়ী কার্ডের লেনদেন পরিচালনার কেন্দ্রীয় হাউস ডিটিসিএর অধীন। এই অনলাইন রিচার্জ ব্যবস্থার প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ডেটাসফট।

বর্তমানে ব্যবহৃত দুটি কার্ড-র‌্যাপিড ও এমআরটি পাস-উভয়ই এখন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ইচ্ছেমতো রিচার্জ করা যাবে। তবে অনলাইনে টাকা যোগ করার পর স্টেশনে থাকা বিশেষ যন্ত্র ‘অ্যাড ভ্যালু মেশিন’ (এভিএম)-এ কার্ড স্পর্শ করিয়ে রিচার্জ হালনাগাদ করে নিতে হবে।

ডিটিসিএর নতুন প্ল্যাটফর্মে রিচার্জ করতে ব্যবহারকারীকে প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশন থেকে র‌্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট মাধ্যম বেছে নিতে হবে। টাকা পরিশোধ সফল হলে স্টেশনের এভিএম-এ কার্ড ট্যাপ করলেই রিচার্জ সম্পন্ন হবে।