
মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (১২ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুই পক্ষ।
আলোচনায় এসব ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সম্পৃক্ততা আরও গভীর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়।
মানবসম্পদ খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে হুমায়ুন কবির মালদ্বীপের হাইকমিশনারের কাছে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার অনুরোধ জানান।
সাক্ষাৎ শেষে দুই পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।