
নোয়াখালীর সেনবাগ বাজারে ট্রাকচাপায় মো. মুজাক্কির নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার সেনবাগ বাজারে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো. আকরামের ছেলে। বর্তমানে আকরাম ও তার পরিবার সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
শিশুটির বাবা জানান, মুজাক্কির স্বভাবজাতভাবে একটু চঞ্চল ছিল। দুপুরে সে তার মায়ের সঙ্গে সেনবাগ বাজারে গিয়েছিল। হাঁটার সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তার দিকে চলে যায়। ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে থানায় নিয়ে আসে। নিহত শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।