শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের চারটি স্টেশনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো হলো বিজয় সরণি, কারওয়ানবাজার, মিরপুর ১০ এবং পল্লবী। দেয়াল ও ফ্লোরসহ একাধিক স্থানে ফাটল ধরেছে, খুলে পড়েছে টাইলস।
বিজয় সরণি স্টেশনে ইলেক্ট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির হয়েছে, যা আপাতত আস্তর দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেয়ালের খুলে যাওয়া টাইলস মাস্কিং টেপ দিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে স্টেশন কর্মীরা ছবি তুলতে বা কথা বলতে রাজি হননি।
যাত্রীদের মধ্যে শঙ্কা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ জানাচ্ছে, মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি এবং চলাচলের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। ডিএমআরটিডিপি লাইন ফাইভের প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব বলেন, “মেট্রোরেল চলার সময় স্বাভাবিক কম্পন তৈরি হয়, যা বিবেচনায় নিয়ে স্টেশন ও লাইন ডিজাইন করা হয়েছে। তাই ফাটল থাকা সত্ত্বেও যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারেন।”


