
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি ঘটনা বাংলাদেশের হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এমন ভুয়া প্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত। সংস্থাটি বাংলাদেশের জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুয়া খবর, গুজব ও অপতথ্য প্রতিরোধের কাজ করে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, একটি ভিডিওতে একজন ব্যক্তি হাতে মানুষের কাটা মাথা দেখাচ্ছেন এবং কিছু পোস্টে দাবি করা হয়েছে, এই খুনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। তবে অনুসন্ধানে স্পষ্ট হয়েছে, এ ঘটনা ভারতের পটাশপুরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল।
সংস্থাটি উল্লেখ করেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়ে গেছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয়ে নজর রাখছে এবং সত্য তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধে কার্যক্রম চালাচ্ছে।
সূত্র: বাসস