
বান্দরবানের রুমা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাজা মিয়া (২৩) নামে এক গাড়ির হেল্পার নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সন্ধ্যা পৌনে ৭টায় রুমা উপজেলার বেথেল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা মিয়া রুমা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা এবং মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাইন্দু ইউনিয়নের চাইরাগ্র পাড়া থেকে কাঠবোঝাই চাঁদের গাড়ি (লট নং ১৪১) রুমা সদরের উদ্দেশে আসার পথে বেথেল পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে হেল্পার রাজা মিয়া মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাড়ির চালক মো. এমরান হোসেন (৩৭) আহত হলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।