
বগুড়া সদর উপজেলায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তারা বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জের দেউলী গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান এবং মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার। দুজনেই বগুড়া শহরের ফকরি উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মহাসড়কে চারটি মোটরসাইকেল রেসিং করছিল। এ সময় একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে আঘাত করে। এতে দুজন পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।