
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন, যার ফলে গুলশান, মহাখালীসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বনানী থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আউট-গোয়িং যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
জানা গেছে, অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে গেছে। গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে জানিয়েছে, শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে অবস্থান করে আউট-গোয়িং রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, উত্তরা থেকে আসা যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট এড়াতে মহাখালী/জাহাঙ্গীরগেট থেকে উত্তরামুখী গাড়ি আমতলী-গুলশান ১-গুলশান ২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবেন।