
ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড়ে গত শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১:৩০টার দিকে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ আরিফুর (২০) আহতহয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় সেনা কল্যাণ সংস্থার মালামাল বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত জুয়েল মিয়া গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি ফতুল্লার মুসলিম নগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় দর্জি ছিলেন।
ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি ট্রাক থানায় নিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালকরা পলাতক রয়েছেন।