
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় সিয়াম গাজীর বাবাসহ আরও দুই যাত্রী আহত হন। শনিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সাহাবাড়ীর পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম গাজী তেলীগাতী গ্রামের মজিবর রহমান গাজীর ছেলে।
মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তমিজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকালে মজিবর রহমান গাজী তার এক আত্মীয়র মৃত্যুর সংবাদে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিলেন। ইজিবাইকটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহাবাড়ীর পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিয়াম গাজী নিহত হন।
এ সময় সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পী ও অপর এক যাত্রী আহত হন। খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।