নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ওমর ফারুক (প্রধান শিক্ষক) গুরুতর আহত হন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। তারা ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে ডোমার থেকে নীলফামারী আসছিলেন। পথিমধ্যে হরতকিতলা বাজারে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে ডোমারগামী একটি ট্রাক দ্রুত ওই স্থান অতিক্রম করছিল। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষিকা মারুফা বেগম এবং আহত হন তার স্বামী।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি।


