
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকার পাওয়ার হাউজের পূর্বপাশের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সড়কের ওপর এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”