
নাটোরে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। চলতি জুলাই মাসেই জেলার ৯টি স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৬ জনের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গত তিন মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৬ জন।
বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে—যানবাহনের অতিরিক্ত গতি, ওভারটেকিং, চালকের অমনোযোগ, সরু সড়ক, ট্রাফিক নিয়ম অজানা এবং সড়ক বাঁকের অপ্রস্তুত অবস্থা।
গত ২৩ জুলাই নাটোরের বড়াইগ্রামের আইড়মারী এলাকায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজনসহ ৮ জন নিহত হওয়ার ঘটনা সাড়া ফেলে দেয়।
এর আগে ৭ জুলাই গুরুদাসপুরে সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় মারা যায় দ্বিতীয় শ্রেণির ছাত্র আজিম হোসেন।
১৮ জুলাই হরিশপুরে ট্রাকচাপায় প্রাণ হারায় এসএসসি পরীক্ষার্থী লাম (১৭)। একই দিনে চাঁদপুরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত হন আব্দুল কাদের (৫৫)।
১৯ জুলাই রাজাপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রায়হান ট্রাকচাপায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
২৫ জুলাই সিংড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় মারা যায় ১০ বছরের শিশু রাবেয়া খাতুন।
এদিন সন্ধ্যায় হরিশপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান আবির হোসেন (৩৫)।
২৬ জুলাই মকিমপুর ঢালানে প্রাইভেটকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত হন।
২৭ জুলাই নাটোর পুলিশ লাইন্সের সামনে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জন আহত হন।
সর্বশেষ ২৯ জুলাই কাছিকাটা টোল প্লাজার কাছে ট্রাক-ট্রাক সংঘর্ষে একজন নিহত হন।
কর্তৃপক্ষের মতামত:
নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, “গত কয়েকদিন সড়ক দুর্ঘটনা বেড়েছে। মানুষের হেফাজত একমাত্র আল্লাহর হাতে, তবে চালকদের নিয়ে সচেতনতা সভার আয়োজন করবো।”
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার বলেন, “দুর্ঘটনার মূল কারণ সরু সড়ক ও অতিরিক্ত গতি। ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। সড়ক প্রশস্তকরণে কাজ করলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “মহাসড়কটি দুই লেন হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। প্রশস্তকরণ, চালকের প্রশিক্ষণ ও গতি নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্ঘটনা রোধে কাজ করা হবে।”
প্রতিদিনের মতো নাটোরে স্বজন হারানোর কান্না যেন থামছেই না। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন নিয়ন্ত্রণ, এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এই মৃত্যুমিছিল থামানো সম্ভব নয়।