
দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ট্রেনের চাকায় কাটা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হন। এরপর দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন আরেকজন।
জানা গেছে, গতকাল সকালে জামাইবাড়ি বেড়াতে যাচ্ছিলেন বৃদ্ধা আঞ্জুয়ারা বেগম। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন অতিক্রম করতে গিয়ে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়েন তিনি।
নিহত আঞ্জুয়ারা বেগম (৬০) চিরিরবন্দরের বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী।
পরে দুপুর ১২টার দিকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে চলে যান জিয়াবুর রহমান নামের আরেক ব্যক্তি।
জিয়াবুর রহমান (৪৫) চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়ার এমতাজুল হকের ছেলে। রেলওয়ে ইনচার্জ আব্দুল মান্নান দুটি ঘটনার ব্যাপারে নিশ্চিত করেন।