
তেহরানে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকিতে রয়েছেন অন্তত ৪০০ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি জানান, বর্তমানে ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে বেশিরভাগই তেহরানে। নিরাপত্তাজনিত কারণে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দূতাবাসের পক্ষ থেকে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ প্রায় ৪০০ নাগরিক অবস্থান করছেন। এছাড়া অন্যান্য শহর ও পার্শ্ববর্তী দেশগুলোতেও বাংলাদেশের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাংকিং নিষেধাজ্ঞায় দেশটিতে টাকা পাঠানোও সম্ভব হচ্ছে না। ফলে বাংলাদেশিদের সহযোগিতায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে তেহরানের দূতাবাস, যাতে কাগজপত্র প্রস্তুতসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম চলাকালীন তারা নিরাপদে থাকতে পারেন।
বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাস চালু করেছে জরুরি হটলাইন:
📞 +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
📞 +৯৮৯১২২০৬৫৭৪৫
এছাড়াও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নম্বর: 📞 +৮৮০১৭১২০১২৮৪৭
পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, যুদ্ধ দ্রুত বন্ধ হওয়ার আশা না থাকলেও বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। তিনি আরও জানান, অনেক বাংলাদেশি আজারবাইজান হয়ে ইউরোপ যাওয়ার পথে ইরানকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন, যারা অনিয়মিত অবস্থায় সেখানে আছেন—তাদের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।