ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

তিন দিনে ইতালি পৌঁছেছেন বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ । ১৭২ জন

গত সপ্তাহে সোমবার থেকে বুধবারের মধ্যে ১০টি নৌকায় অন্তত ৫০০ অভিবাসনপ্রত্যাশী ইতালির দক্ষিণের দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন। এই সময়ে উদ্ধার করা হয়েছে দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ। সোমবার রাতে প্রথমে আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসনপ্রত্যাশী ও দুই জনে মরদেহ উদ্ধার করে ইতালির ফিনান্সিয়াল গার্ড। নৌকাটিতে মিশরীয়, ইরিত্রিয়ান, ইথিওপিয়ান, গাম্বিয়ান এবং আলজেরিয়ান অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তিন জন হাইড্রোকার্বন জনিত বিষক্রিয়ায় ভুগছিলেন, তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আর মরদেহ দুটি কালা পিসানা সিমেট্রির মর্গে স্থানান্তর করা হয়েছে। সেখানেই ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। এই দুই অভিবাসনপ্রত্যাশীও হাইড্রোকার্বন জনিত বিষক্রিয়ায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরে মঙ্গলবার রাতের লাম্পেদুসায় আসে আরও পাঁচটি নৌকা। সবমিলিয়ে সেখানে অন্তত ৩০০ জন অভিবাসী ছিলেন। অভিবাসনপ্রত্যাশীরা মূলত আফগানিস্তান, বাংলাদেশ, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সুদানের নাগরিক। তাদের মধ্যে একটি নবজাতক শিশু এবং একজন গর্ভবতী নারী ছিলেন। এই অভিবাসীরা জানিয়েছেন, তারা লিবিয়ার আবু কামাশ থেকে যাত্রা করেছেন।

ওই দিন রাতে ইতালির ফিনান্সিয়াল গার্ড পাঁচ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ১৫ জন ইরিত্রিয়ান, সুদানিজ এবং আইভোরিয়ান অভিবাসনপ্রত্যাশীকেও উদ্ধার করেন। এই ১৫ জনের মধ্যে দুই জনকেও লাম্পেদুসার একটি ক্লিনিকে নেওয়া হয়। কারণ, তারাও হাইড্রোকার্বন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীরা জানান, তারা টিউনিশিয়ার এল ওলগা থেকে যাত্রা করেন। যাত্রার জন্য তাদের প্রত্যেককে এক হাজার দুইশ ইউরো করে অর্থ দিতে হয়েছিল।

এছাড়া আরও দুটি নৌকায় ১০৬ জন অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসায় পৌঁছেছেন। তার মধ্যে একটি নৌকা সরাসরি কালা উচেলোতে পৌঁছায়। ওই নৌকাটিতে তিন জন অপ্রাপ্তবয়সকসহ মোট ৬৯ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা বাংলাদেশ, মিশর ও সোমালিয়ার নাগরিক। লিবিয়ার হোমস থেকে যাত্রা করেছিলেন তারা। অপর নৌকাটিতে ৩৭ জন আফগান, বাংলাদেশি, মিশরীয়, ইরিত্রিয়ান এবং পাকিস্তানি ছিলেন।

বুধবার সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুটি নৌকা থেকে মোট ৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। রাবারের একটি নৌকায় ছিলেন ২২ জন ইরিত্রিয়ান। অপর নৌকাটিতে ছিলেন ৫২ জন অভিবাসনপ্রত্যাশী। তারা সবাই মিশরীয়, সুদানিজ, বাংলাদেশি এবং সিরিয়ান নাগরিক, যাদের মধ্যে একজন শিশু এবং একজন গর্ভবতী নারীও ছিলেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস