
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম নাজমুল কাদের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলতাফ হোসেন ঢোলারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি এ.কে.এম নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সঙ্গে সঙ্গে মাহেন্দ্র ট্রাক্টরটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।