ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলাবদ্ধতা কাটিয়ে ৫০ বছর পর তিস্তাপাড়ে ফিরল আমন চাষ

প্রতিবেদক
হাসান মাহমুদ
২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ সকাল

Link Copied!

টানা অর্ধশতাব্দী ধরে নিজের গ্রামের মাঠে কখনো আমন ধান চাষ হতে দেখেননি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নে রামাকান্ত গ্রামের প্রবীণ কৃষক মো. গুলজার। প্রতি বছর বর্ষা নামতেই তিস্তার উপচে পড়া পানি ফসলি জমিতে ঢুকে পড়ত, আর মাসের পর মাস জলাবদ্ধতায় ডুবে থাকত আবাদি জমি। কেবল পানি নামার দীর্ঘ অপেক্ষাতেই কেটে যেত আমন মৌসুম। তবে সেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে এখন নিজের জমিতেই সোনালি আমন ধান ফলাচ্ছেন তিনি।

ইউএনডিপির এক প্রতিবেদন সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের কাছে এই পরিবর্তন কেবল বাড়তি একটি ফসলের মৌসুম নয়; বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত হাজারো পরিবারের জন্য নিরাপদ জীবিকা, খাদ্য নিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের এক নতুন আশার আলো।

পূর্ব হিমালয়ে উৎপত্তি হয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করা তিস্তা নদী উত্তরাঞ্চলের অসংখ্য কৃষক পরিবারের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর আচরণ আরও চরম ও অনিশ্চিত হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে উজানের পাহাড়ি ঢল, নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়া, প্রবল স্রোত ও তীব্র নদীভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ে। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দেয় তীব্র পানিসংকট।

রামাকান্ত গ্রামের বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকার প্রায় এক হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো। অনেক সময় বন্যার পানি প্রায় ছয় মাস পর্যন্ত জমিতে আটকে থাকত। ফলে কৃষকেরা বছরের বড় একটা সময় জমি অনাবাদি ফেলে রাখতে বাধ্য হতেন এবং কেবল পানি নেমে যাওয়ার পর বছরে মাত্র একবার বোরো ধান চাষের সুযোগ পেতেন; আমন মৌসুম তাদের হাতছাড়া হয়ে যেত।

রামাকান্তের দীর্ঘদিনের এই চিত্রপট বদলে দিয়েছে তিস্তা নদীর সঙ্গে সংযুক্ত একটি খালের পাশে নির্মিত নতুন একটি স্লুইসগেট। এই অবকাঠামোর মাধ্যমে বর্ষা-পরবর্তী অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করে আশপাশের ফসলি জমি নির্ধারিত সময়ের আগেই চাষাবাদের উপযোগী করে তোলা সম্ভব হচ্ছে। জমি থেকে পানি দ্রুত সরে যাওয়ায় এখন একই বছরে আমন ও বোরো—উভয় মৌসুমেই ধান চাষ করতে পারছেন স্থানীয় কৃষকেরা। এতে পরিবারগুলোর নিজস্ব চালের জোগান বাড়ার পাশাপাশি বাজার থেকে চাল কেনার ওপর নির্ভরতা কমবে এবং উদ্বৃত্ত ফসল বিক্রি করে বাড়তি আয়ের পথ খুলবে।

নিজের অনুভূতি প্রকাশ করে কৃষক মো. গুলজার বলেন, ‘গত ৫০ বছরে আমি এই এলাকায় কখনো আমন ধানের চাষ হতে দেখিনি। অথচ আজ নিজেই আমন ধান চাষ করতে পারছি, এটা আমার জন্য অনেক আনন্দের। এতে একদিকে পরিবারের খাবারের জোগান নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে আর্থিক অবস্থার উন্নতিরও নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।’

রামাকান্তের এই স্লুইসগেটটি নির্মাণ করা হয়েছে ‘অ্যাডাপ্টেশন ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট ভালনারেবল অফশোর স্মল আইল্যান্ডস অ্যান্ড রিভারাইন চারল্যান্ড ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বৃহৎ প্রকল্পের আওতায়। অ্যাডাপ্টেশন ফান্ডের নথি অনুযায়ী, মোট ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬৯ মার্কিন ডলার (১২৫ কোটি ১৫ লাখ ৯৭ হাজার টাকা) অনুদানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ নির্ধারিত রয়েছে। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং কারিগরি ও বাস্তবায়ন সহায়তা দিচ্ছে ইউএনডিপি।

ইউএনডিপির জলবায়ু অভিযোজন পোর্টাল অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে রংপুর জেলার নদীবিধৌত চরাঞ্চল এবং ভোলা জেলার উপকূলীয় ক্ষুদ্র দ্বীপাঞ্চলের ৩ লাখ ৪১ হাজার মানুষ উপকৃত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সরাসরি উপকারভোগী ৩১ হাজার এবং পরোক্ষভাবে উপকৃত হবেন ৩ লাখ ১০ হাজার মানুষ। এনজিও ফোরামের প্রকল্প তথ্যে জানা যায়, মাঠপর্যায়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন এবং ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের প্রকাশিত তথ্য-উপাত্ত অনুযায়ী, প্রকল্পটির আওতায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রতিরোধী ৩০০টি জলবায়ু-সহনশীল ঘর এবং ১০টি দ্বৈত-ব্যবহারযোগ্য গুচ্ছগ্রাম বা দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ পানীয় জল ও বসতবাড়ির বাগানে সেচের জন্য ৫০০টি পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৩০০ থেকে ৪৫০টি ঘরে বিদ্যুৎ পৌঁছাতে ৩০টি সৌর ন্যানো-গ্রিড স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া ইকোসিস্টেম-ভিত্তিক অভিযোজন ও জিওটেক্সটাইল ব্যাগের মাধ্যমে ২৪ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার এবং একটি সেচ স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও জীবিকার উন্নয়নে ৭ হাজার ৫০০ জন কৃষককে জলবায়ু-সহনশীল কৃষি প্রশিক্ষণ এবং ৬ হাজার ৫০০ জন মানুষকে বিকল্প জীবিকার সহায়তা দেওয়ার পাশাপাশি ৪টি সৌরচালিত হিমাগার ও ৬টি সৌর সেচ পাম্প স্থাপন করা হচ্ছে। দুর্যোগ প্রস্তুতি জোরদারে ৬ হাজার সিপিপি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রদান এবং ৮টি ভাসমান অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটি বাংলাদেশ সরকারের ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা’, ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩–২০৫০)’ এবং এনডিসি বাস্তবায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রকল্পের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে সব অংশীজনের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান প্রকল্প বাস্তবায়নে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং সামাজিক ও পরিবেশগত ঝুঁকি এড়াতে ইউএনডিপির সামাজিক ও পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। আর পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক মির্জা শওকত আলী প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্ন ও সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেন।

রামাকান্তের এই অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে, সঠিক ও স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু অভিযোজন উদ্যোগ মানুষের চিরায়ত জীবনযাত্রা ও পেশা বদলে না দিয়েই তাদের জীবিকা সুরক্ষিত রাখতে পারে। বছরের অর্ধেক সময় জমি অনাবাদি ফেলে না রেখে বিদ্যমান সম্পদেরই সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

Facebook Comments Box

আরও পড়ুন

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জেনে নিন জলবায়ু ঝুঁকি থেকে শহরকে বাঁচাতে প্রকৃতিভিত্তিক সমাধানের কৌশল

ঝিনাইদহে থেমে থাকা ড্রাম ট্রাকে মাহিন্দ্রের ধাক্কা, নিহত ১

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ, ৪৫ জনের মৃত্যু

Universal Birth Registration Essential to Prevent Child Marriage

বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতের দাবি

রেকর্ড জোয়ার ও বিশাল ঢেউয়ে বন্যার ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত, ২ ডিগ্রি ছাড়াল বৈশ্বিক তাপমাত্রা

বন্যার পর বিমা দাবি করতে গিয়ে যে ভুল করেন বাড়ির মালিকেরা

মাদারীপুরে অস্বাস্থ্যকর খাবার তৈরি, হোটেলকে লাখ টাকা জরিমানা

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা