
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
চুক্তির আওতায়, প্রকল্পের প্রথম ধাপে জাইকা বাংলাদেশকে ৯২,০৭৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা) ঋণ দেবে, যা জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির অধীনে দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে শেরে-বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এতে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী স্বাক্ষর করেন।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১৬২ কিলোমিটার বিদ্যমান রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হবে। এর ফলে দেশের রেল পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। বিশেষ করে জাইকার সহায়তায় নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রকল্প দেশের পশ্চিমাঞ্চল ও ঢাকার মধ্যে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের গতি ও সক্ষমতা বাড়াবে, যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “বাংলাদেশের রেল সংযোগ উন্নত করতে আমরা এই গুরুত্বপূর্ণ চুক্তিটি করেছি। এটি দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী জাপান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই প্রকল্প বাংলাদেশের রেল অবকাঠামোতে নতুন দিগন্তের সূচনা করবে।”
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মার্চ মাসে প্রকল্পটির প্রকৌশল সেবার জন্য জাইকার সঙ্গে আরেকটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রকৌশল পরামর্শক নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বিস্তারিত নকশা তৈরির কাজ শুরু হবে।