
রাজধানীর যানজট এড়াতে হাতিরঝিলের জনপ্রিয় পরিবহন ‘ওয়াটার বাস’ ব্যবহার করে থাকেন অনেক যাত্রী। তবে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গত শুক্রবার থেকে বন্ধ হয়ে যায় এই নৌযান সার্ভিস, যা যাত্রীদের ফেলে দেয় চরম ভোগান্তিতে। অবশেষে চারদিন পর মঙ্গলবার (৮ জুলাই) বিকাল থেকে আবারও চালু হয়েছে ওয়াটার বাস চলাচল।
ওয়াটার বাস পরিচালনার দায়িত্বে থাকা করিম গ্রুপের বকেয়া বিল পরিশোধের পর রাজউক তাদের চলাচলের অনুমতি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন করিম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম জামান। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ওয়াটার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে গুলশান গুদারা ঘাটে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যেও চলছে ওয়াটার বাসের স্বাভাবিক চলাচল। তবে আবহাওয়ার কারণে যাত্রী সংখ্যা কিছুটা কম।
নিয়মিত যাত্রী রাকিব বলেন, “আমি প্রতিদিন এই ওয়াটার বাসে যাতায়াত করি। হঠাৎ বন্ধ হওয়ায় আমাদের খুব সমস্যায় পড়তে হয়েছে।”
সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও ব্যবসায়ীরা। হাতিরঝিল এলাকায় কয়েকজন ব্যবসায়ী জানান, “এইভাবে বারবার হঠাৎ করে সার্ভিস বন্ধ হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা গুটিয়ে নিতে হবে।”
নিয়মিত যাত্রী হামিদুর রহমান বলেন, “ওয়াটার বাস বন্ধ থাকলে সড়কে বাড়তি চাপ পড়ে, যানজট বাড়ে, ধুলোবালি ও পরিবেশ দূষণও বেড়ে যায়।”
অপর যাত্রী মোল্লা জানান, “অফিস ছুটির দিনে প্রায়ই পরিবার নিয়ে ঘুরতে আসি। ওয়াটার বাসে ঘোরার আলাদা আনন্দ আছে। এবার বন্ধ থাকায় আসতেই পারিনি।”
এফডিসি জেটি ঘাটের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘাট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের মধ্যে চাকরি হারানোর ভয় দেখা দিয়েছিল।”
করিম গ্রুপের সিইও মাসুম জামান বলেন, “রাজউকের নির্দেশে সাময়িকভাবে সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পূর্ণ উদ্যমে আবারও যাত্রী পরিবহন চালু হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত।”