
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।
নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিঠের টিউমার অপারেশনের জন্য সকালে সাতক্ষীরার মৌতলা থেকে অ্যাম্বুলেন্সে খুলনার উদ্দেশ্যে রওনা দেন আরিফ মোল্লা ও তার পরিবার। ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মধ্যে তিনজন অক্ষত থাকলেও ময়না ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম জানান, দুর্ঘটনায় ময়নার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।