ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫

খুলনায় নৌবাহিনীর তিনটি ডাইভিং বোট উদ্বোধন, দেশীয় প্রযুক্তির নতুন দিগন্তে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ । ২৭৩ জন

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি ডাইভিং বোট বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা নেভাল বার্থে আনুষ্ঠানিকভাবে কমিশনিং (উদ্বোধন) করা হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘পানকৌড়ি’, ‘গাংচিল’ ও ‘মাছরাঙ্গা’ নামের বোটগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নৌপ্রধান বোটগুলোর অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করেন।

নৌপ্রধান বলেন, “১৯৭১ সালের পর থেকে একদল অকুতোভয় সদস্য নিয়ে যাত্রা শুরু করে আজ বাংলাদেশ নৌবাহিনী একটি পূর্ণাঙ্গ ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও নিজস্ব সরঞ্জাম তৈরির মাধ্যমে আমরা নিজেদের সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলছি।”

তিনি আরও বলেন, “খুলনা শিপইয়ার্ডে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিনটি ডাইভিং বোট নৌবাহিনীর জন্য একটি বড় অর্জন। সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, ব্লু-ইকোনমি কার্যক্রম বাস্তবায়ন, উদ্ধার ও স্যালভেজ অপারেশনসহ নানা কনস্টাবুলারি দায়িত্বে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, ২০২১ সালের ১০ জুন ‘কিল লেয়িং’ এর মাধ্যমে তিনটি ডাইভিং বোট নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ ও টেস্ট ট্রায়ালের পর চলতি বছরের ৬ মে বোটগুলো নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

৩৮.৯০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার প্রস্থের প্রতিটি বোট ঘণ্টায় ১৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। ডুবুরি কার্যক্রমে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম, সেন্সর, ১২.৭ মিমি হেভি মেশিনগান, উন্নত সার্ভেইল্যান্স র্যাডার, জিপিএস, ইকো-সাউন্ডার এবং আধুনিক কন্ট্রোল সিস্টেম সম্বলিত এসব বোট নৌবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জাহাজের কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।