ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ । ১২২ জন

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনাস্থল থেকে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন গিয়াস ও জালাল। পথে তালতলা এলাকায় সড়কের ওপর ধানের খড় এবং স্তূপ থাকার কারণে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ জানান, আহতদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়। পথে গিয়াস মারা যান এবং রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জালালকেও মৃত ঘোষণা করা হয়।

ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, “সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”