চট্টগ্রাম–রাঙামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত: অটোরিকশা চালক হাসান মিয়া (২২), পিতা: মো. জাহাঙ্গীর হোসেন, বাড়ি বরিশালের লালমোহন। আহত: যাত্রী গিয়াস উদ্দিন, পিতা: আব্দুল কাদের, বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষ্ণপুর। তিনি বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী কাভার্ডভ্যান দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তেই অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাউজান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, কিন্তু চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। এ ঘটনায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কাউখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


