
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো চালু হয়েছে লোকাল এসি ট্রেন। বাইরে থেকে দেখতে অনেকটা মেট্রোর মতো হলেও প্রযুক্তিগতভাবে ট্রেনটির বেশ কিছু পার্থক্য রয়েছে।
সম্প্রতি এর উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন এক জোড়া ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাট রুটে চলাচল করবে।
পুরনো নন-এসি লোকালের তুলনায় নতুন প্রযুক্তিনির্ভর এই ট্রেনের পাওয়ার বেশি, ফলে দ্রুত গতিতে পিকআপ হয় এবং ব্রেকিং সিস্টেমও দ্রুত কাজ করে। এতে রয়েছে অগ্নি নির্বাপন যন্ত্র, বিপদে গার্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের টক-ব্যাক সিস্টেম, আপৎকালীন পরিস্থিতিতে স্লাইডিং ডোর খোলার লকিং ব্যবস্থা, জরুরি অ্যালার্ম এবং প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা।
মেট্রোর মতো বড় জানালার কারণে যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। চলন্ত অবস্থায় এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের সুযোগ থাকবে। কেবিনের এসি থেকে নিষ্কাশিত পানি স্বয়ংক্রিয়ভাবে জানালা পরিষ্কারে ব্যবহার হবে—যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর।
ট্রেনটিতে রয়েছে ১২টি কামরা, যা ভেস্টিবিউল গ্যাংওয়ে দিয়ে সংযুক্ত। স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা চালকের নিয়ন্ত্রণে খুলবে ও বন্ধ হবে। মেট্রোর মতো রেকর্ড করা ঘোষণা না থাকায় চালককে নিজেই সঠিক দিক নির্ধারণ করে দরজা পরিচালনা করতে হবে, যা লোকো মাস্টারদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।