
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আহতদের বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি প্রথমে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে আঘাত হানে এবং পরে মাঠে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
এ ঘটনায় উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর হাসান জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং তদন্ত শুরু হয়েছে।”
দুর্ঘটনার কারণ ও নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।