
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় যখন পুরো দেশ শোকাহত, ঠিক তখনই আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়।
গুরুতর এই শোকাবহ পরিস্থিতির মাঝেও খেলাটি দেখতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শকদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ বিশেষভাবে তিনটি বাড়তি মেট্রোরেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
সাধারণত রাত ৯টার পর মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। তবে আজ ব্যতিক্রম। উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ১৫, ১০টা ও ১০টা ১৫ মিনিটে বিশেষ তিনটি মেট্রোরেল ট্রেন ছেড়ে যাবে মতিঝিলের উদ্দেশে।
অপরদিকে, মতিঝিল স্টেশন থেকেও ছাড়বে তিনটি অতিরিক্ত ট্রেন—রাত ৯টা ৫৫, ১০টা ৪০ ও ১০টা ৫৫ মিনিটে, যা যাবে উত্তরা উত্তরের দিকে।
এই অতিরিক্ত ট্রেনসেবার ফলে আজ রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে সব স্টেশনের টিকিট কাউন্টার।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আজকের ম্যাচ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ক্রিকেটপ্রেমীরা সহজে মাঠে গিয়ে খেলা উপভোগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।