ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬

রান্নার গ্যাস মিলছে না, খুচরায় দাম আকাশছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ । ২২১ জন

রাজধানীতে রান্নার গ্যাসের চরম সংকট চলছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১,২৫৩ টাকা, তবে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৮০০ টাকায়। সরকারি দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

মোহাম্মদপুরের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “১২৫৩ টাকার সিলিন্ডার ১৭০০ টাকায় কেন কিনতে হবে, কেউ দেখছে না।” বনশ্রীর মাহবুব আলমও একই অভিজ্ঞতার কথা জানান, অনেক দোকানেই টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না।

বিক্রেতারা ডিস্ট্রিবিউশন ও পরিবেশক পর্যায়কে দায়ী করছেন। মোহাম্মদপুরের বজলুর রহমান জানান, পাইকারি পর্যায়ে ১,৫০০ টাকার বেশি দরে গ্যাস কিনতে হয়, যার কারণে খুচরা বাজারে দাম বাড়ছে।

আইডিয়াল এলপিজি’র স্বত্বাধিকারী ইউসুফ আলী বলেন, “বড় কোম্পানিগুলো সরবরাহ কমিয়েছে, প্রতিটি সিলিন্ডার পাইকারি পর্যায়ে ১,৫২০ টাকায় কিনতে হচ্ছে।” ন্যাশনাল তোশিবা গ্যাস স্টোভের স্বত্বাধিকারী ইকবাল হোসেইন যোগ করেন, “ডলার সংকটের কারণে এলসি সময়মতো না খুলায় এলপিজি আমদানি ব্যাহত হচ্ছে।”

বেসরকারি খাত দেশের এলপিজির ৯৮ শতাংশ সরবরাহ করে। বর্তমানে ২৮টি কোম্পানি সক্রিয় থাকলেও বাজারের অস্থিরতা কমছে না।

বিইআরসি সূত্র জানান, তারা অভিযোগগুলো খতিয়ে দেখছেন। জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেইন বলেন, “বাজার সম্পূর্ণ বেসরকারি নিয়ন্ত্রণে থাকায় সরকারি তদারকি দুর্বল। বিইআরসি ও সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

রাজধানীবাসী আশা করছে, শীতের এই মৌসুমে রান্নার গ্যাসের সরবরাহ এবং দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।