
আসামের হোজাই জেলায় শনিবার (২০ ডিসেম্বর) ভোরে সাইরাং-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হাতির পালের সংঘর্ষে অন্তত আটটি হাতি মারা গেছে। এ ঘটনায় একটি হাতির শাবক আহত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি।
রেলওয়ে ও বন বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি মৃত হাতির দেহ উদ্ধার করা হয়েছে এবং আহত শাবককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত।
ঘটনার পর দ্রুত রেলওয়ে উদ্ধারকারী দল ও কর্মকর্তারা পৌঁছে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেন। লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত দেখা দেয়।
রেলওয়ে সূত্র জানায়, এই এলাকা কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেন চালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক প্রয়োগ করেছিলেন, তবে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের ট্রেনের অন্যান্য খালি আসনে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেন আবার যাত্রা শুরু করবে।
গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় একইভাবে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।
সূত্র: এনডিটিভি