
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন ডাই-অক্সাইড অপসারণের প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে কার্বন অপসারণ প্রযুক্তিকে সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন এর সমর্থকরা। তবে পরিবেশবাদীদের একাংশের আশঙ্কা, এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর উদ্যোগকে দুর্বল করে দিতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, কার্বন ডাই-অক্সাইড রিমুভাল (সিডিআর) বা কার্বন অপসারণ প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে তাপ আটকে রাখা কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে মাটির গভীরে, সমুদ্রের নিচে কিংবা বিভিন্ন পণ্যের মধ্যে সংরক্ষণ করা হয়। এর উদ্দেশ্য হলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব কমিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করা।
কপ-৩১ সম্মেলনে এই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পক্ষে একটি বিশেষ উদ্যোগও দেখা যাচ্ছে। ‘থিংক নেগেটিভ’ নামে একটি প্যাভিলিয়নে কার্বন অপসারণ প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। সমর্থকদের দাবি, বিশ্ব যখন আন্তর্জাতিকভাবে নির্ধারিত তাপমাত্রার সীমা অতিক্রমের দিকে এগোচ্ছে, তখন অতিরিক্ত কার্বন অপসারণ ছাড়া পরিস্থিতি আবার নিরাপদ পর্যায়ে ফিরিয়ে আনা কঠিন হবে।
এদিকে কার্বন অপসারণ প্রযুক্তির পাশাপাশি কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) নিয়েও সম্মেলনে আলোচনা চলছে। এই পদ্ধতিতে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার আগেই শিল্পকারখানা ও দূষণকারী স্থাপনা থেকে কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে মাটির গভীরে সংরক্ষণ করা হয়।
পরিবেশবিষয়ক সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল (সিআইইএল)-এর তথ্য অনুযায়ী, এবারের কপ সম্মেলনে সিসিএস প্রযুক্তির পক্ষে রেকর্ড ৭০০ জন লবিস্ট অংশ নিয়েছেন। শুক্রবার প্রথমবারের মতো কার্বন অপসারণ ও কার্বন ক্যাপচার-উভয় প্রযুক্তিই সম্মেলনের চূড়ান্ত চুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত আলোচ্য খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে।
তবে কার্বন অপসারণ প্রযুক্তির বর্তমান সক্ষমতা এখনো সীমিত। প্রতিবছর বিশ্বে প্রায় ২০০ কোটি টন কার্বন অপসারণ করা হলেও এর প্রায় পুরোটাই হচ্ছে বন পুনরুদ্ধার ও নতুন বন সৃষ্টির মাধ্যমে। অন্যদিকে, সরাসরি বাতাস থেকে কার্বন সংগ্রহের প্রযুক্তি ব্যবহার করে বছরে অপসারণ করা যাচ্ছে মাত্র ২০ লাখ টন। এ প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোও আর্থিক সংকট ও প্রত্যাশার তুলনায় কম কার্যকারিতার সমস্যায় রয়েছে।
জাতিসংঘের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, চলতি শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফিরিয়ে আনতে বায়ুমণ্ডল থেকে প্রায় ৩২০ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড অপসারণ করতে হবে। উল্লেখ্য, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ইতোমধ্যে বিপজ্জনকভাবে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে তীব্র তাপপ্রবাহ, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে।
ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নেট-জিরো বিশেষজ্ঞ ইনজি জনস্টোন মনে করেন, বৈশ্বিক উষ্ণতা নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্বন অপসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, এ প্রযুক্তিকে শুধু বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগের ওপর ছেড়ে না দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কাঠামো তৈরি করা প্রয়োজন।
তবে এ প্রযুক্তি নিয়ে উদ্বেগও কম নয়। পরিবেশবাদীদের আশঙ্কা, বিপুল পরিমাণ কার্বন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বনভূমি, কৃষিজমি ও সমুদ্রের ব্যবহার ব্যাপকভাবে পরিবর্তন করতে হতে পারে। এতে নতুন পরিবেশগত ক্ষতির ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে কার্বন অপসারণ করা যাবে-এমন প্রত্যাশা থেকে দেশগুলো বর্তমানে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে কম গুরুত্ব দিতে পারে।
সিআইইএলের কার্বন ক্যাপচারবিষয়ক প্রচারক র্যাচেল কেনারলি বলেন, ভবিষ্যতে কার্বন অপসারণের প্রযুক্তি আসবে-এমন ধারণা করে এখন বায়ুমণ্ডলে আরও বেশি কার্বন নিঃসরণের সুযোগ তৈরি করা বিপজ্জনক। তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় প্রথম অগ্রাধিকার হতে হবে এখনই কার্বন নিঃসরণ কমানো।
বিশেষজ্ঞদের মতে, কার্বন অপসারণ ও কার্বন ক্যাপচার প্রযুক্তি এক বিষয় নয়। প্রথমটি বায়ুমণ্ডলে আগে থেকেই জমে থাকা কার্বন অপসারণ করে, আর দ্বিতীয়টি শিল্পকারখানা থেকে নির্গত হওয়ার আগেই কার্বন ধরে রাখে। তবে সমালোচকদের আশঙ্কা, উভয় প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা তেল, গ্যাস ও কয়লার ব্যবহার দীর্ঘায়িত করতে পারে।
সব মিলিয়ে, কপ-৩১ সম্মেলনে কার্বন অপসারণ প্রযুক্তিকে জলবায়ু সংকট মোকাবিলার সম্ভাব্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে প্রযুক্তির বাস্তব সক্ষমতা, ব্যয়, পরিবেশগত প্রভাব এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ওপর এর প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। ফলে সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে এই প্রযুক্তি কীভাবে স্থান পায়, তা বৈশ্বিক জলবায়ু আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।