
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রদেশটির খুজদার জেলার কাছে এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের অল্প গভীরে উৎপত্তি হওয়ায় খুজদার এবং পার্শ্ববর্তী খারান ও কালাত জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।
প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেট-ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান প্লেটের সক্রিয় সংযোগস্থলের কাছে অবস্থিত। এ অঞ্চলে প্লেটগুলোর নড়াচড়া ও ভূতাত্ত্বিক চ্যুতির কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।