
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে অন্তত ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশি। বাকিদের মধ্যে সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে পৃথক তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রথম নৌকাটি থেকে ৫৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। কিছুক্ষণ পর দ্বিতীয় নৌকা থেকে আরও ৫৬ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।
অর্থাৎ, প্রথম দুই নৌকা থেকেই মোট ৭২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের ইয়েরাপেত্রা অঞ্চলের দক্ষিণ-পূর্বে আরও ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকা শনাক্ত করে। পরে গ্রিক কোস্টগার্ড ও স্থানীয় একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের কোক্কিনোস পিরগোস বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত ও নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে গ্রিক কর্তৃপক্ষ।
সাম্প্রতিক মাসগুলোতে ক্রিটের দক্ষিণ উপকূলে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব অভিবাসীকে বহনকারী অনেক নৌকা লিবিয়ার উপকূল থেকে যাত্রা করছে। ফলে গ্রিক কোস্টগার্ড ও ফ্রন্টেক্সকে ওই এলাকায় নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে।
এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন সাময়িকী পলিটিকো-তে প্রকাশিত এক মতামত কলামে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বিপুলসংখ্যক অভিবাসীর আকস্মিক আগমনের সময় আশ্রয় আবেদন নিবন্ধনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সুযোগ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
তার মতে, অভিবাসনের চাপ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর আরও বেশি নমনীয়তা প্রয়োজন।
তবে ইস্টার্ন ক্রিট কোস্ট গার্ড পার্সোনেল ইউনিয়নের সভাপতি ইয়র্গোস স্ফাকিয়ানাকিস জানিয়েছেন, ২০২৫ সালের গ্রীষ্মে অভিবাসী আগমনে যে বড় ধরনের উত্থান দেখা গিয়েছিল, চলতি বছর এখন পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হয়নি।
তারপরও আগামী সেপ্টেম্বরে অভিবাসন প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ওই সময়ে বিপুলসংখ্যক অভিবাসী নৌপথে ক্রিটে পৌঁছানোর সম্ভাবনার কথাও জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর, ইনফোমাইগ্রেন্ট