নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান চালানো হয়।
অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বণিক।
ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


