
বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় জরুরি মজুদ থেকে আরও প্রায় ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। এর মধ্যে দুই কোটি ব্যারেলের বেশি ডিজেল রয়েছে। সংস্থাটির সদস্যদেশগুলো জরুরি মজুদের অবশিষ্ট তেল দ্রুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
গত বৃহস্পতিবার আইইএর পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ সংকট অব্যাহত থাকার চিত্র উঠে আসার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরে সংকটের পরিপ্রেক্ষিতে গত মার্চে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার যৌথ উদ্যোগ নেয় আইইএ। এর আওতায় এখন পর্যন্ত প্রায় ৩৩ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে ছাড়া হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে অবশিষ্ট মজুদ থেকেও দ্রুত তেল সরবরাহ করা হবে।
আইইএর পরিচালনা পর্ষদ জানিয়েছে, সদস্যদেশগুলোকে নিজ নিজ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জরুরি মজুদের অবশিষ্ট জ্বালানি তেল দ্রুত বাজারে ছাড়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কয়েকটি সদস্যদেশ এরই মধ্যে এ প্রক্রিয়া ত্বরান্বিত করার পরিকল্পনাও করেছে।
জরুরি মজুদ থেকে তেল ছাড়ার পাশাপাশি উৎপাদন ও পরিশোধন সক্ষমতা রয়েছে এমন দেশগুলোকে সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে অপরিশোধিত তেলের পাশাপাশি ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ঘাটতি থাকলে শুধু এ জ্বালানির দাম নয়, ডিজেলের বাজারেও চাপ তৈরি হতে পারে। পরিবহন, পণ্য সরবরাহ ও শিল্প উৎপাদনে ডিজেলের ব্যাপক ব্যবহার থাকায় এর সরবরাহ স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ।
আইইএর এ উদ্যোগের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা। তবে সরবরাহ সংকট কতটা কমবে, তা নির্ভর করবে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার গতি এবং উৎপাদন ও পরিশোধন বাড়ানোর উদ্যোগের ওপর।