ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ৫:০৬ বিকাল

Link Copied!

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে হলে প্রত্যেককে নিজের দায়িত্বের বাইরে গিয়েও কিছুটা বেশি কাজ করতে হবে। পরিবর্তন আনতে হলে নিজ নিজ সক্ষমতা কাজে লাগিয়ে উদ্যোগী হতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি বা মাতৃগাছ চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা এবং রোপণ করা চারার কতগুলো বেঁচে আছে, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ কম। এ ধরনের জায়গা বাড়াতে হবে। পাশাপাশি ছাদবাগান, স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে। এটি দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন করতে হবে। মানুষ যত বেশি সচেতন হবে, পরিবেশ রক্ষার কাজ তত সহজ হবে। এ জন্য সরকারের গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের পৃথক পরিকল্পনা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার যেটা ডিউটি, তার থেকে একটু বেশি কাজ করার সক্ষমতা আপনার রয়েছে।’

তিনি বলেন, দেশের জন্য কাজ করার সুযোগ সবার জীবনে আসে না। যারা বর্তমানে দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, তাঁদের সেই সুযোগ রয়েছে। শুধু নির্ধারিত দায়িত্ব পালন করে থেমে গেলে চলবে না; দেশের মানুষের জন্য আরও কিছু করার চেষ্টা থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহতাআলা আমাদের একটা সুযোগ দিয়েছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছুটা করার। আপনি নয়টা-পাঁচটা অফিস করতেই পারেন। এরপরে যদি আপনি কিছু না করেন, কেউ কিছু বলবে না। কিন্তু পরিবেশটা যদি খারাপ হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। কারণ, আপনার পরবর্তী প্রজন্ম তো দেশেই থাকবে।’

প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, যথাযথভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও তদারকি নিশ্চিত করতে হবে।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জলবায়ু পরিবর্তনে বাড়তে পারে অর্থনৈতিক চাপ: পরিবেশমন্ত্রী

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ আরোহী নিহত

ইসরায়েলগামী বিমানে বাংলাদেশের পাইলটদের নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স!

তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

বিমানবন্দর ও রেলপথে চোরাচালান, কোটি টাকার পণ্য জব্দ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

স্বাস্থ্যসচেতনতা ও মূল্যস্ফীতিতে ৫ বছরে চিনির ব্যবহার কমেছে ৩৩%

চলতি মাসেই কমলাপুরসহ চার স্টেশনে মেট্রোরেলের ইউটিলিটি স্থানান্তর শুরু

২০৫০ সালের মধ্যে তুলা উৎপাদন ১৯ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা সরকারের

জলবায়ুর রোষে অস্তিত্ব সংকটে প্রত্নতাত্ত্বিক নিদর্শন