ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলতি মাসেই কমলাপুরসহ চার স্টেশনে মেট্রোরেলের ইউটিলিটি স্থানান্তর শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ সকাল

Link Copied!

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় চলতি মাসেই কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। এসব স্টেশনের ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে এ কাজ শুরু হয় ২০২৫ সালের ২০ জানুয়ারি।

প্রকল্প পরিচালক আরও জানান, চুক্তি প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, এমআরটি লাইন-১-এর ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে ছড়িয়ে থাকা ইউটিলিটি লাইন ও বিভিন্ন সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডোরে’ নেওয়া হচ্ছে। এ কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

নির্মাণকাজ চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অবশিষ্ট স্টেশনগুলোতে ইউটিলিটি স্থানান্তরের কাজ মূল প্রকল্পের সংশ্লিষ্ট প্যাকেজের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ২০২৭ সালের মার্চের মধ্যে ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।

দুটি রুটে চলবে এমআরটি লাইন-১

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এমআরটি লাইন-১ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং নগর পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটিতে পরস্পর সংযুক্ত দুটি রুট রয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে ১২টি স্টেশন থাকবে। এ রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে।

অন্যদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। এ রুট নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে সংযুক্ত করবে।

প্রকল্পের বিস্তারিত সমীক্ষা, জরিপ, প্রাথমিক নকশা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পটি ১২টি চুক্তি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

জমি হস্তান্তর ও বাজেট অনুমোদন

প্রকল্প ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এমআরটি লাইন-১ এবং ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের সংশোধিত বাজেট অনুমোদন করে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্প দুটিতে অর্থায়ন করছে।

এদিকে, চুক্তি প্যাকেজ-১-এর আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর বা ৮৮ দশমিক ৭১ একর জমিতে ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়নকাজ ২০২৫ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে। এ কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ মার্চ।

প্রকল্পটি সম্পন্ন হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জলবায়ু পরিবর্তনে বাড়তে পারে অর্থনৈতিক চাপ: পরিবেশমন্ত্রী

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ আরোহী নিহত

ইসরায়েলগামী বিমানে বাংলাদেশের পাইলটদের নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স!

তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

বিমানবন্দর ও রেলপথে চোরাচালান, কোটি টাকার পণ্য জব্দ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

স্বাস্থ্যসচেতনতা ও মূল্যস্ফীতিতে ৫ বছরে চিনির ব্যবহার কমেছে ৩৩%

চলতি মাসেই কমলাপুরসহ চার স্টেশনে মেট্রোরেলের ইউটিলিটি স্থানান্তর শুরু

২০৫০ সালের মধ্যে তুলা উৎপাদন ১৯ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা সরকারের

জলবায়ুর রোষে অস্তিত্ব সংকটে প্রত্নতাত্ত্বিক নিদর্শন