
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল বাতাস, ভোরের হালকা কুয়াশা ও রাতের ঠান্ডায় শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। এরই মধ্যে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি এবং শুক্রবার ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আবারও কমে ১৩ ডিগ্রিতে নেমেছে। অর্থাৎ টানা পাঁচ দিন ধরে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ঠান্ডা বাড়তে শুরু করে। বিশেষ করে রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।