ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন হুইপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ৩:২৭ বিকাল

Link Copied!

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ৭০টি অবৈধ ইটভাটা বন্ধ এবং কৃষিজমির উর্বর মাটি কাটা প্রতিরোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর হস্তক্ষেপ চেয়েছেন সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এ বিষয়ে গত ১৫ অক্টোবর মন্ত্রীকে একটি আধা-সরকারি পত্র পাঠিয়েছেন তিনি। পত্রে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, কৃষিজমি ও গ্রামীণ সড়ক রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পত্রে হুইপ নিজান উল্লেখ করেন, রামগতি ও কমলনগর উপজেলার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। এ অঞ্চলের কৃষিজমি স্থানীয় মানুষের জীবিকা, খাদ্য উৎপাদন ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি আইন ও পরিবেশগত বিধিনিষেধ উপেক্ষা করে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় ব্যবহার করছেন। এতে জমির উর্বরতা ও উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে এবং কৃষকরা দীর্ঘমেয়াদি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তিনি আরও উল্লেখ করেন, অবৈধ ইটভাটার ধোঁয়া, ধুলাবালি ও অন্যান্য দূষণকারী উপাদানের কারণে বায়ুদূষণ বাড়ছে। এতে জনস্বাস্থ্য, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে এলাকার কৃষি, পরিবেশের ভারসাম্য ও জলবায়ুসহিষ্ণু উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পত্রে বলা হয়, কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়ার কাজে অতিরিক্ত মালামালবোঝাই ট্রাক্টর-ট্রলি, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন ব্যবহারের ফলে গ্রামীণ সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কে ভাঙন, খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়ক রক্ষণাবেক্ষণে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এসব যানবাহনের কারণে ধুলাবালি, শব্দদূষণ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ পরিস্থিতিতে রামগতি ও কমলনগর উপজেলার ইটভাটাগুলো সরেজমিনে তদন্ত করে অবৈধ ভাটা চিহ্নিত করা, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও আইনগত অনুমোদন যাচাই এবং আইন লঙ্ঘনকারী ভাটার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন হুইপ নিজান।

একই সঙ্গে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত তদারকি ও নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

পত্রে কৃষিজমি, কৃষকের স্বার্থ, জনস্বাস্থ্য, প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ সড়ক রক্ষায় সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

পত্রের অনুলিপি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এবং রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা

লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন হুইপ

হরমুজ সংকটেও ইউরিয়া আমদানি অব্যাহত, বিকল্প পথে আসছে সৌদি সার

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ চালকের

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা

ঝুঁকিপূর্ণ অভিবাসনে এক দশকে ৪ হাজারের বেশি শিশুর মৃত্যু