
বর্ষা মৌসুমে রাজধানীর কোথাও যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে শুকনো মৌসুমেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খালগুলো উদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির নিজস্ব অর্থায়নে ২৬টি খালের মধ্যে ২২টি খাল খননের কাজ করা হবে। বাকি চারটির উন্নয়ন ও পুনঃখননের কাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর ডেমরায় কোনাপাড়া ব্রিজসংলগ্ন খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধনকালে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতা এড়াতে আগেভাগেই খাল উদ্ধার ও পুনঃখননের কাজ শুরু করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি নগরবাসীকে খালে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। একই সঙ্গে খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
খাল পরিষ্কার ও পুনঃখননের পর সেগুলো যেন আবার অবৈধভাবে দখল না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, খালে কেউ যাতে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খাল পরিষ্কারের কাজে কোনো ধরনের গাফিলতি দেখা গেলে স্থানীয়ভাবে তা তদারকি করে সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গেও কথা বলেন আবদুস সালাম। ফ্যাসিবাদী সরকারের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই; বর্ডারের কাছে এলেই পুলিশ গিয়ে নিয়ে আসবে। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, কোনাপাড়া-কদমতলা খালটি ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ। প্রায় দুই মাসব্যাপী এ কর্মসূচিতে খালটি থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পুনঃখনন কার্যক্রম শেষ হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই লাখ মানুষ উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি।
প্রসঙ্গত, ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খাল রয়েছে। এর মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।