ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

প্রতিবেদক
হাসান মাহমুদ
২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ সকাল

Link Copied!

বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশে তৈরি পোশাক খাতের টেকসই জ্বালানি রূপান্তর, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবহারে আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো (ফ্যাশন ব্র্যান্ড) সরাসরি অনুদানভিত্তিক অর্থায়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ গবেষণা সংস্থা ‘স্ট্যান্ড ডট আর্থ’ -এর প্রকাশিত প্রতিবেদন এবং ঢাকার ‘ঢাকা ডায়ালগ’ সংলাপে নীতিনির্ধারক, উদ্যোক্তা ও পরিবেশবিদেরা একযোগে এ দাবি তোলেন।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ক্রয়কারী বিশ্বখ্যাত মাত্র ১৫টি গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং কারখানাগুলোতে পরিচ্ছন্ন শক্তি রূপান্তরে সহায়তা দেয়, তবে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের বায়ুমণ্ডলে প্রায় ৮৫.৯ লাখ (৮.৫৯ মিলিয়ন) টন কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ করা সম্ভব।

নির্গমন কমানোর বৈশ্বিক ও জাতীয় সম্ভাবনা :
স্ট্যান্ড ডট আর্থ গবেষণাগারের (এসআরজি) ‘ফ্যাশনস ফেয়ার শেয়ার: বাংলাদেশ বায়ার্স ক্লাইমেট অপরচুনিটি’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এইচ অ্যান্ড এম গ্রুপ, ইন্দিতেক্স, প্রাইমার্ক এবং ওয়ালমার্ট-এর মতো বিশ্বসেরা ১৫টি পোশাক ব্র্যান্ড প্রতি বছর বাংলাদেশ থেকে মোট পোশাক ও টেক্সটাইল রপ্তানির ২৬ শতাংশের বেশি (ওজনের ভিত্তিতে) ক্রয় করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৫টি গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড যদি ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ সরকার, কারখানা মালিক ও পোশাক শ্রমিকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচ্ছন্ন শক্তি রূপান্তর নিশ্চিত করে, তবে ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ থেকে প্রতি বছর ১২.৬ লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করা সম্ভব হবে। ২০৪০ সাল পর্যন্ত পুঞ্জীভূত হিসেবে মোট ৮৫.৯ লাখ টন কার্বন বায়ুমণ্ডলে মেশা থেকে রক্ষা পাবে, যা উত্তর আমেরিকার ৩০ লাখেরও বেশি পরিবারের পুরো এক বছরের কার্বন নিঃসরণের সমান।

বাংলাদেশ সরকার যেখানে ২০৩৫ সালের মধ্যে অভ্যন্তরীণভাবে শর্তহীন ৬.৩৯ শতাংশ গ্রিনহাউস গ্যাস কমানোর জাতীয় প্রতিশ্রুতি (এনডিসি ৩.০) দিয়েছে, সেখানে দেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও শিল্প নির্গমনকারী প্রধান খাত হিসেবে তৈরি পোশাক শিল্পকে এই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দেশে জ্বালানি সংকট ও শ্রমিকদের অস্তিত্বের ঝুঁকি :
বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হলেও বাংলাদেশ চরম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নবম স্থানে রয়েছে। আন্তর্জাতিক অ্যাপারেল ইমপ্যাক্ট ইনস্টিটিউটের তথ্যমতে, বিশ্ব ফ্যাশন খাতের কারণে প্রতি বছর প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) টন গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয়, যা বৈশ্বিক মোট জলবায়ু দূষণের প্রায় ৪ শতাংশ। ২০২৩ সালে এই খাতের নির্গমন ৭.৫ শতাংশ এবং ২০২৪ সালে ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশে পোশাক শিল্প এই পরিবেশগত ক্ষতির অন্যতম প্রধান শিকার। জাতীয় বিদ্যুৎ গ্রিডে উৎপাদিত বিদ্যুতের ৫ শতাংশের কম আসে নবায়নযোগ্য উৎস (যেমন সোলার বা বায়ু বিদ্যুৎ) থেকে। শিল্প কারখানার প্রায় ৯০ শতাংশ জ্বালানি চাহিদা মেটানো হয় নিজস্ব কেন্দ্রে পোড়ানো জীবাশ্ম গ্যাস ও আমদানি করা জ্বালানি তেল থেকে। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও দেশের অভ্যন্তরীণ গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানির তীব্র ঘাটতি তৈরি হয়েছে, যা উৎপাদন সক্ষমতা ব্যাহত করার পাশাপাশি কারখানা পরিচালনা ব্যয় বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের শুরু থেকে এই সংকটের কারণে প্রায় ৮০টি কারখানার সাড়ে ৯ হাজার পোশাক শ্রমিক চাকরি হারিয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশের পোশাক খাতের ৪০ লাখ কর্মী—যাদের সিংহভাগই নারী—তীব্র তাপদাহ, বন্যা ও অন্যান্য দুর্যোগে চরম স্বাস্থ্য ও জীবনযাত্রার ঝুঁকিতে রয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ুদূষণ প্রতি ৫ জনের মধ্যে ১ জনের অকালমৃত্যুর জন্য দায়ী।

যৌথ অর্থায়ন ও শ্রমিক সুরক্ষার দাবি :
সম্প্রতি ঢাকায় স্ট্যান্ড ডট আর্থ, অক্সফাম ইন বাংলাদেশ এবং ব্রেকিং দ্য সাইলেন্সের (বিটিএস) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ফ্রম ফ্রেমওয়ার্ক টু অ্যাকশন: অ্যাডভান্সিং আ মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েশন ফর আ জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশস ফ্যাশন ইন্ডাস্ট্রি’ শীর্ষক জাতীয় সংলাপ (ঢাকা ডায়ালগ)। সংলাপে প্রধান অতিথি, গবেষক, পরিবেশবিদ এবং শ্রমিক নেতাদের বক্তব্যে সরাসরি শিল্প ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য সুনির্দিষ্ট পথনির্দেশ তুলে ধরা হয়।

সংলাপে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য (পরিকল্পনা মন্ত্রণালয়) কাজী রফিকুল ইসলাম এমপি বলেন, ‘জ্বালানি রূপান্তর কেবল প্রযুক্তিগত পরিবর্তন নয়; এটি একটি অর্থনৈতিক, সামাজিক ও মানবিক রূপান্তর। শিল্পকে পরিবেশবান্ধব করার প্রক্রিয়ায় শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, তা রাষ্ট্র ও শিল্পমালিকদের নিশ্চিত করতে হবে।’

রেচেল কিচেন (স্ট্যান্ড ডট আর্থ- এর জ্যেষ্ঠ ক্যাম্পেইন ম্যানেজার রেচেল কিচেন বলেন, ‘কার্বন নির্গমন কমানোর বা ডিকার্বোনাইজেশনের খরচে ব্র্যান্ডগুলোকে তাঁদের ন্যায্য অংশ পরিশোধ করতে হবে। আমরা দেখতে চাই ব্র্যান্ডগুলো সরাসরি অনুদান বা যৌথ অর্থায়নের মাধ্যমে পরিচ্ছন্ন শক্তি প্রকল্প চালু করছে, যাতে কারখানা মালিকদের ওপর চড়া সুদের ঋণের অতিরিক্ত বোঝা তৈরি না হয়। আন্তর্জাতিক ক্রেতারা শুধু পরিচ্ছন্ন পণ্যের দাবি জানাবে আর তার সম্পূর্ণ খরচের চাপ উৎপাদক ও শ্রমিকদের বহন করতে হবে—এই নীতি আর গ্রহণযোগ্য নয়।’

বিজিএমইএর পরিচালক রুমানা রশিদ বলেন, ‘কারখানাগুলো যখন উন্নত পরিচ্ছন্ন প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি গ্রহণ করবে, তখন শ্রমিকদের সেই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্দক্ষতার ব্যবস্থা করতে হবে। কোনো সিদ্ধান্ত যেন শ্রমিকদের বাদ দিয়ে নেওয়া না হয়; নীতি নির্ধারণে তাঁদের কণ্ঠস্বর ও অভিজ্ঞতার সরাসরি ভূমিকা থাকতে হবে।’

অক্সফাম ইন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান আতাউর রহমান বলেন, ‘জলবায়ু বিচার এবং অর্থনৈতিক বিচার হাতরাধাতরি চলতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হলেও বাংলাদেশের প্রান্তিক পোশাক শ্রমিকেরা যেন জলবায়ু সুরক্ষার খরচের বোঝা বহন করতে বাধ্য না হন।’

ক্রেতা ব্র্যান্ডগুলোর সদিচ্ছা ও অর্থায়নের ঘাটতি :
গবেষণায় বিশ্বখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবে তার প্রয়োগের মধ্যে এক বিশাল দূরত্বের চিত্র ধরা পড়েছে। ২০২৫ সালের ‘ফাসিল ফ্রি ফ্যাশন স্কোরকার্ড’ পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বখ্যাত ৪২টি প্রধান ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে মাত্র ৬টি ব্র্যান্ড তাদের পোশাক সরবরাহকারী কারখানাগুলোকে কার্বন হ্রাসে সহায়তা বা অর্থায়ন প্রদান করে। ৪২টি ব্র্যান্ডের মধ্যে মাত্র একটি ব্র্যান্ড কারখানাগুলোকে ঋণের বোঝা না বাড়িয়ে সরাসরি অনুদানভিত্তিক অর্থায়ন সহায়তা দিয়ে থাকে।

বাংলাদেশের পোশাক রপ্তানির ২৬.৩ শতাংশ নিয়ন্ত্রণকারী শীর্ষ ১৫টি ক্রেতা ব্র্যান্ডের মধ্যে কেবল ইন্দিতেক্স এবং এইচ অ্যান্ড এম—এই দুটি প্রতিষ্ঠানের সরবরাহ শৃঙ্খলে ১০০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যমাত্রা রয়েছে। শ্রমিকদের চরম তাপদাহ থেকে সুরক্ষায় ১৫টি ব্র্যান্ডের মধ্যে কেবল একটি মাত্র ব্র্যান্ডের লিখিত নীতিপত্র রয়েছে।

টেকসই ভবিষ্যৎ গঠনে মূল সুপারিশসমূহ :
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই তৈরি পোশাক খাত গঠনে স্ট্যান্ড ডট আর্থের ‘ক্লিন ফ্যাশন ইনভেস্টমেন্ট প্যাক্ট’ -এর আওতায় আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ডগুলোর প্রতি সুনির্দিষ্ট চারটি দাবি পেশ করা হয়েছে।

ঋণমুক্ত অনুদান অর্থায়ন: কারখানা বা সাপ্লায়ারদের ওপর ঋণের বোঝা না চাপিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎ ও প্রযুক্তির খরচে সরাসরি বায়িং ব্র্যান্ডগুলোকে অর্থায়ন নিশ্চিত করতে হবে।

জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন শক্তি রূপান্তর: ব্যক্তিমালিকানাধীন দু-একটি সবুজ কারখানার বাইরে এসে পুরো বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডকে ডিকার্বোনাইজ করতে নীতিগত ও আর্থিক সহায়তা বাড়ানো।

শ্রমিককেন্দ্রিক রূপান্তর: তীব্র তাপদাহ ও দুর্যোগের মুখোমুখি হওয়া পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, দুর্ঘটনা বীমা, সামাজিক নিরাপত্তা ও উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ নিশ্চিত করা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: কতটুকু কার্বন হ্রাস করা সম্ভব হলো এবং পরিচ্ছন্ন শক্তিতে ব্র্যান্ডগুলো কত টাকা বিনিয়োগ করল, তা নিয়মিত প্রকাশ্যে রিপোর্ট আকারে প্রকাশ করা।

যদি বৈশ্বিক ক্রেতারা পরিচ্ছন্ন শক্তি রূপান্তরে অর্থ সহায়তা না করে, তবে আগামী দিনে বিশ্ববাজারে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির মূল প্রতিযোগিতা মারাত্মক হুমকির মুখে পড়বে। পরিবেশের টেকসই সুরক্ষা এবং ৪০ লাখ শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করাই এখন বৈশ্বিক পোশাক শিল্পের প্রধান চ্যালেঞ্জ।

Facebook Comments Box

আরও পড়ুন

ভয়াবহ দাবানল-বন্যার পরও স্পেনের নির্বাচনে উপেক্ষিত জলবায়ু সংকট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, ইতিহাসে প্রথমবার পিছিয়ে গেল থ্যাংকসগিভিং প্যারেড

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জেনে নিন জলবায়ু ঝুঁকি থেকে শহরকে বাঁচাতে প্রকৃতিভিত্তিক সমাধানের কৌশল

ঝিনাইদহে থেমে থাকা ড্রাম ট্রাকে মাহিন্দ্রের ধাক্কা, নিহত ১

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ, ৪৫ জনের মৃত্যু

Universal Birth Registration Essential to Prevent Child Marriage

বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতের দাবি

রেকর্ড জোয়ার ও বিশাল ঢেউয়ে বন্যার ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত, ২ ডিগ্রি ছাড়াল বৈশ্বিক তাপমাত্রা

বন্যার পর বিমা দাবি করতে গিয়ে যে ভুল করেন বাড়ির মালিকেরা