ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

পঞ্চগড়ে ডিগ্রির ঘরে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ । ৭৬ জন

পঞ্চগড়ে নেমে এসেছে মৌসুমি শীতের আগমনী বার্তা। দেশের সর্বউত্তরের এই জেলায় তাপমাত্রা ডিগ্রির ঘরে নেমে যাওয়ায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের দাপট। শীত ঘিরে শুরু হয়েছে নবান্নের আমেজও।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সকালে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সূর্যের আলো ছড়ালেও হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। সবুজ ঘাসে জমে থাকা শিশিরে জেগে উঠছে শীতের আভাস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা উষ্ণতা ফিরে আসলেও সন্ধ্যা নামতেই ফেরে শীতল পরশ। স্থানীয়রা ইতোমধ্যেই লেপ-কম্বল গায়ে নিতে শুরু করেছেন।

ভৌগোলিক অবস্থানগত কারণে পঞ্চগড়ের কাছে অবস্থিত পৃথিবীর দুই সুউচ্চ পর্বতমালা-হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। বরফে ঢাকা এ পর্বতশ্রেণি থেকে নেমে আসা হিমেল হাওয়া সরাসরি প্রবাহিত হয় এ অঞ্চলে। ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় এখানে শীত নামে আগে ও থাকে দীর্ঘদিন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “প্রতিদিনই তাপমাত্রা কমছে, শীতের মাত্রা বাড়ছে। গত কয়েকদিন ধরে ১৬ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”