
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বাতাসে আর্দ্রতার উচ্চ মাত্রার কারণে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক জায়গায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বাড়বে। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
অধিদফতর জানায়, জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও নদী অববাহিকার এলাকায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হবে।
এছাড়া জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈত্যপ্রবাহের দিনগুলোতে জনজীবনে স্থবিরতা দেখা দিতে পারে।