ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’, কাবুল বিশ্বের দূষিত শহর শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ । ৯৫ জন

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা এই সমস্যার মধ্যে রয়েছে। কদিন আগেও শহরের বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল, তবে সাম্প্রতিক বায়ুমান পরিসংখ্যানে দেখা গেছে দূষণের মাত্রা আবার বেড়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তানের কাবুল। কাবুলের একিউআই স্কোর ৪২৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।

ঢাকা ১৬৩ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। গত শুক্রবার শহরের স্কোর ছিল ১৭৩।

তালিকার অন্যান্য শহর- ভারতের কলকাতা ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয়, দিল্লি ২৩৫ স্কোরে তৃতীয় স্থানে। এ শহর দুটির বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

মিশরের কায়রো ১৭৯ স্কোরে চতুর্থ, পাকিস্তানের করাচি ১৭৪ স্কোরে পঞ্চম, মিয়ানমারের ইয়াংগুন ১৬৭ স্কোরে ষষ্ঠ, চীনের হাংজু ১৬৬ স্কোরে সপ্তম, গণতান্ত্রিক কঙ্গোর কিনশাসা ১৫৮ স্কোরে নবম, কুয়েত সিটি ১৫৬ স্কোরে দশম অবস্থানে রয়েছে। এসব শহরে বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ার অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১–৪০০-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়।

‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় এবং বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভিতরে থাকতে, অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।