
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি কিংবা হামসদৃশ কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে হামের বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।