
দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়ছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময়ে দেশে মোট সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮ হাজার ৭১৩ জনের মধ্যে শিক্ষার্থীদের মৃত্যুর হার ১৫ দশমিক ১১ শতাংশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত শিক্ষার্থীদের মধ্যে ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসার শিক্ষার্থী ৩ হাজার ৩২৮ জন, যা মোট শিক্ষার্থী মৃত্যুর ৪৫ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন ৪ হাজার ৩৬ জন, যা ৫৪ দশমিক ৮০ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি মৃত্যু
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এ সংখ্যা ৩ হাজার ৮৪১ জন, যা মোট শিক্ষার্থী মৃত্যুর ৫২ দশমিক ১৫ শতাংশ।
এ ছাড়া পথচারী হিসেবে যানবাহনের চাপা বা ধাক্কায় ১ হাজার ৯২৩ জন, যানবাহনের যাত্রী হিসেবে ৯২৭ জন, বাইসাইকেল ও রিকশার আরোহী হিসেবে ৫১৯ জন এবং অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে ১৫৪ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি শিক্ষার্থী নিহত হয়েছে আঞ্চলিক সড়কে-২ হাজার ১৪৯ জন। গ্রামীণ সড়কে ১ হাজার ৯৪৭ জন, শহরের সড়কে ১ হাজার ৭৮৬ জন এবং জাতীয় মহাসড়কে ১ হাজার ৪৮২ জন নিহত হয়েছে।
পথচারী শিক্ষার্থীদের মধ্যে গ্রামীণ সড়কে প্রাণহানি সবচেয়ে বেশি। এ ধরনের দুর্ঘটনায় গ্রামীণ সড়কে ৭২৬ জন, শহরের সড়কে ৫৩৭ জন, আঞ্চলিক সড়কে ৪০৯ জন এবং জাতীয় মহাসড়কে ২৫১ জন নিহত হয়েছে।
কম বয়সীদের মৃত্যু বেশি বাড়ির আশপাশে
প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসার পথে কিংবা বাড়ির আশপাশে খেলাধুলার সময় অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের ধাক্কায় বেশি নিহত হয়েছে।
অন্যদিকে ১৩ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার বেশি। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে।
বছরভিত্তিক হিসাবে, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৬৯৩ জন শিক্ষার্থী নিহত হয়। ২০২০ সালে ৭১৯, ২০২১ সালে ৯৩৬, ২০২২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩৮৫, ২০২৩ সালে ১ হাজার ১৫৩, ২০২৪ সালে ১ হাজার ৭৩ এবং ২০২৫ সালে ১ হাজার ১৪ জন নিহত হয়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত নিহত হয়েছে আরও ৩৯১ জন শিক্ষার্থী।
এ ছাড়া একই সময়ে অসাবধানতাবশত রেললাইন পারাপার কিংবা কানে হেডফোন ব্যবহার করে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আরও ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
দুর্ঘটনা কমাতে যেসব সুপারিশ
প্রতিবেদনে শিক্ষার্থী মৃত্যুর জন্য ত্রুটিপূর্ণ সড়ক, অনিরাপদ যানবাহন, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতার অভাব, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণের ঘাটতি, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা এবং পরিবহন খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং পাঠ্য ও পরীক্ষায় সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
এ ছাড়া গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা জোরদার, অনিরাপদ যানবাহন বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো কঠোরভাবে নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের আট বছর পেরিয়ে গেলেও সড়ক পরিবহন খাতে কার্যকর শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার অভাব, আইনের দুর্বল প্রয়োগ এবং পরিবহন খাতের স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবের কারণে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।