
টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদিন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শোলা প্রতিমা বাজারের উত্তর পাশে সখিপুর মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন শোলা প্রতিমা গ্রামের গুঞ্জর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদিন গরুর জন্য ঘাস কাটতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।