ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১০:৪৫ সকাল

Link Copied!

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে আসা ছয়টি ওয়াগনের ধাক্কায় যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাকপাড়া এলাকার মতি পাটোয়ারীর ছেলে মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। তারা দুজনই মাহেন্দ্রের যাত্রী ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ফরিদপুর পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি খালি ওয়াগন নিয়ে একটি বিশেষ ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। ট্রেনটি খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে যায়। এতে ওয়াগনগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায় এবং রেললাইনে গড়িয়ে আসতে থাকে।

এদিকে ইঞ্জিনের সঙ্গে সামনের অংশ চলে যেতে দেখে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান পুরো ট্রেনটি রেলগেট পার হয়ে গেছে বলে ধারণা করেন। এরপর তিনি রেলগেটের বার তুলে দেন। বার ওঠার সঙ্গে সঙ্গে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাটগামী ‘আনন্দ ডিলাক্স’ বাস, গোয়ালন্দমুখী একটি মাহেন্দ্র এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করে।

ঠিক সেই সময় পেছন থেকে বিচ্ছিন্ন হয়ে আসা ছয়টি ওয়াগন দ্রুতগতিতে যানবাহনগুলোর ওপর আছড়ে পড়ে। এতে বাস, মাহেন্দ্র ও অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ওয়াগনের ধাক্কায় মাহেন্দ্রটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে।

দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, রাত পৌনে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মালেক শেখ ও মনোয়ার হোসেন মারা যান।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রেন চলে গেছে মনে করে রেলগেট খুলে দেওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে। ওয়াগনের ধাক্কায় মাহেন্দ্রটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত বাস ও অন্যান্য যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর রাজবাড়ী-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত ওয়াগন ও যানবাহন সরিয়ে রেললাইন পরিষ্কার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় রেলগেট পরিচালনায় কোনো গাফিলতি ছিল কি না এবং কীভাবে ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে গিয়ে সেগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২

প্রযুক্তির বিপ্লব: বৃষ্টির ফোঁটা থেকেই মিলবে বিদ্যুৎ

জুলাইয়ের ২৫ দিনেই ২৩০ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

আগাম ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৬০

রাঙ্গাবালীতে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাউফলে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

দেশের ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান